দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরেক চিকিত্সকের মৃত্যু হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের চিফ হেমোটোলজিস্ট অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এ নিয়ে দেশে দ্বিতীয় চিকিত্সকের মৃত্যু হলো।
অধ্যাপক ডা. মনিরুজ্জামান একজন হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। দুই দিন ধরে তার জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ ছিল। রবিবার সিএমএইচে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ পজিটিভ আসে। তার পরিবারের আরো সাত সদস্যের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ডা. মনিরুজ্জামান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে যোগ দেন। সবশেষ আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজ করছিলেন তিনি। অসুস্থতার কারণে দুই দিন ধরে বনানী ডিওএইচএসের বাসাতেই ছিলেন মনিরুজ্জামান। অবস্থার অবনতি হলে রবিবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
অধ্যাপক মনিরুজ্জামানের মরদেহ এখনো সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা আছে। দুপুরের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মেয়েও সিএমএইচে ভর্তি। এর আগে গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
