ক্ষতিগ্রস্ত খামারির পাশে রূপালী ব্যাংক
ইত্তেফাক রিপোর্ট
করোনা পরিস্থিতির কারণে সারাদেশ লকডাউন থাকায় চরম বিপাকে পড়েছেন দুগ্ধ খামারিরা। সারাদেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকায় দুধের চাহিদা একেবারেই নেই। তাই অধিকাংশ খামারিই তাদের উত্পাদিত দুধ বিক্রি করতে পারছেন না। ফেলে দিতে হচ্ছে কোটি টাকার দুধ। সেই সঙ্গে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে খামারিদের। এ অবস্থায় দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে খামারিদের পাশে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নির্দেশনায় দুগ্ধ খামারিদের মধ্যে দুধ থেকে ঘি বানানোর জন্য ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে রূপালী ব্যাংক। সহজ শর্তের ও স্বল্প সুদের এই ঋণ গ্রহণ করে দুগ্ধ খামারিরা উত্পাদিত দুধ থেকে ঘি বানিয়ে সংরক্ষণ করতে পারবে। যার ফলে তাদের আর দুধ ফেলে দিতে হবে না। এই উদ্যোগ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, করোনা মহামারির কারণে সারাদেশ যখন লকডাউন হয়ে গেল, তখন আমরা দেখলাম দেশের প্রায় ১২ লাখ দুগ্ধ খামারি তাদের উত্পাদিত দুধ নিয়ে চরম বিপাকে পড়েছেন। দুধ বিক্রি করতে না পারায় তারা সেগুলো ফেলে দিচ্ছিলেন। তাই আমরা দুধ থেকে ঘি বানিয়ে সংরক্ষণের জন্য ঋণ নিয়ে এগিয়ে এসেছি। এই ঋণ গ্রহণে আগ্রহী খামারিদের রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি, পল্লি ঋণ ও মাইক্রো ক্রেডিট বিভাগে (ফোন ৯৫৮৯৩৫৭) বা নিকটস্থ শাখায় যোগাযোগ করতে বলেছে ব্যাংক কর্তৃপক্ষ।
