স্বাস্থ্য সুরক্ষায় এককাট্টা ব্রাজিলিয়ান ফুটবলাররা

আপডেট : ০৫ মে ২০২০, ২০:৫৯

স্পোর্টস ডেস্ক

‘ফুটবলকে মাঠে ফেরানোর এজেন্ডায় খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দাও’—এমন দাবি আদায়ে ব্রাজিলের ফুটবলাররা অভিনব এক কৌশলই বেছে নিয়েছেন। সব খেলোয়াড় মিলে একত্রিত হয়ে ভিডিও কল করেছেন কর্তৃপক্ষকে।

ফুটবলকে মাঠে ফেরানোর ব্যাপারে আরো বেশি আলোচনার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। সম্প্রতি একটি বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলের মানুষজন ফুটবল ভালোবাসে এবং এর মাঠে ফিরে আসাটা দারুণভাবে কামনা করছে। আমরা একে ভালোবাসি, আমরাও চাই এটা মাঠে ফিরুক। আমরা সবাই কাজে ফিরতে চাই তবে আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।’

ভিডিও কলটিতে দেশের ফ্ল্যামেঙ্গো, করিন্থিয়ান্স, সান্তোসসহ শীর্ষ ১০ ক্লাবের ১৫ জন খেলোয়াড়কে বেছে নেয়া হয়। কলটি আয়োজন করেছিল ন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল অ্যাথলেটস।

এর আগে ২০১৪ সালে কমনসেন্স এফসি নামক এক অনানুষ্ঠানিক খেলোয়াড়দের সংগঠনের ডাকে সারা দিয়ে এক ছাতার নিচে এসেছিলেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। ২০১৬ সালে সংগঠনটি বিলুপ্ত হয়ে গেলে আর কোনো ইস্যুতেই ঐকমত্য পোষণ করতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলাররা। তাই সম্প্রতি খেলোয়াড়দের এই উদ্যোগকে ব্রাজিলীয় সংবাদ মাধ্যমে দেখা হচ্ছে বেশ গুরুত্ব দিয়েই।

করোনার কারণে ব্রাজিল সব ধরনের লিগ বন্ধ করে দিয়েছিল সেই মধ্য-মার্চেই। সাও পাওলো ফুটবল ফেডারেশন সোমবার জানিয়েছে চ্যাম্পিয়নশিপ তখনই কেবল মাঠে ফিরবে যদি রাজ্য সরকার অনুমতি দেয়। ক্লাবগুলোও জানিয়েছে একসঙ্গে সবাই তৈরি না হলে অনুশীলনে নামবে না কোনো ক্লাবই। তবে রিও ডি জেনিরোর ক্লাবগুলোকে অবশ্য অনুশীলনের অনুমতি দিয়ে দিয়েছে রাজ্য সরকার, যদিও কোনো ক্লাবই এখনো মাঠে নামেনি।