স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে মার্চে স্থগিত হয়ে যাওয়া লা লিগা আগামী জুন মাসে ফেরানোর জোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর চলতি সপ্তাহ থেকে ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন খেলোয়াড়রা। তবে তার আগে সবাইকেই করোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিগ কর্তৃপক্ষ ফেরার জন্য বিস্তারিত স্বাস্থ্য নির্দেশিকা বানানোর কাজ শেষ করেছে।
এ ব্যাপারে লা লিগার এক বিবৃতিতে বলা হয়, ‘সব বিধিমালা অনুসরণ করতে নানা পর্যায়ে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। সরকারের নির্দেশনা অনুয়ায়ী সেই পদ্ধতিই অনুসরণ করা হবে যাতে সংক্রমণটা কমে যায়। এজন্য পরীক্ষা চালানো হবে ক্লাবের পক্ষ থেকেই। ব্যক্তিগত অনুশীলন, ছোটো ছোটো দলে অনুশীলন এবং দলীয় অনুশীলন শেষে প্রতিযোগিতা শুরুর লক্ষ্য জুনের মধ্যে।’
