ফরাসি লিগের ১৯তম অবস্থানে থাকলেও অবনমন এড়ানোর সুযোগ দারুণভাবেই ছিল অঁমিয়ের। তবে লিগ দশ ম্যাচ আগে শেষ হয়ে যাওয়ায় অবনমনের খাদেই পড়েছে দলটি। পূর্ণ সুযোগ না পাওয়ার কারণে একে ন্যায্যবিচার হিসেবে দেখছে না ক্লাবটি। চলতি মৌসুমে অবনমন না রাখার আবেদনও জানিয়েছে তারা। সম্প্রতি এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এটি একটি উন্নাসিক সিদ্ধান্ত যা স্পোর্টিং ফেয়ার প্লের বিরুদ্ধে যায়। আর তাই ন্যায়বিচার চেয়ে অঁমিয়ে একটি আবেদন করতে যাচ্ছে।’ আবেদনটি লিগ কর্তৃপক্ষকে তাদের অবনমন করিয়ে দেওয়ার সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করতে বলবে। আবেদন মঞ্জুর হলে আগামী মৌসুমে ২০ দলের জায়গায় ২২ দল খেলবে।
