বিবিসি
যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্লিন্ট শহরে ফ্যামিলি ডলার স্টোরে এক নারীকে মাস্ক ব্যবহার করতে বলায় ঐ স্টোরের নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। আরো দুজনকে পুলিশ খুঁজছে।
করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য গভর্নরের নির্দেশে সবাইকে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। স্টোরের ভিডিও চিত্রে দেখা গেছে, এই পরিস্থিতিতে ১ মে দুপুরে ফ্লিন্ট শহরে ‘ফ্যামিলি ডলার স্টোরে’ শারমেল টিগু (৪৫) তার মেয়েকে নিয়ে বাজার করতে যান। কিন্তু তার মেয়ে মাস্ক ব্যবহার করেননি। এ কারণে দায়িত্বরত নিরাপত্তা কর্মী ক্যালভিন মুনারলিন (৪৩) তাকে মাস্ক পরতে বলেন। এ নিয়ে শারমেল ও মুনারলিনের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তাদের স্টোরের সেবা দিতে অস্বীকৃতি জানানো হলে মা-মেয়ে স্টোর থেকে বের হয়ে যান। এর ২০ মিনিট পর শারমেল তার স্বামী ল্যারি টিগু ও ছেলে রামনিয়া বিশপকে নিয়ে আবার স্টোরে আসেন। এ সময় শারমেলের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে রামনিয়া বিশপ মুনারলিনের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে মুনারলিনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ শারমেলকে গ্রেফতার করেছে। তার স্বামী ল্যারি টিগু ও ছেলে রামনিয়া বিশপকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গিনেসে কাউন্টি প্রসিকিউটর ডেভিড লেইটন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মুনারলিন সবার নিরাপত্তার স্বার্থেই মাস্ক ব্যবহার করতে বলেছিলেন। ৪ মে শারমেল তার স্বামী ল্যারি টিগু ও ছেলে রামনিয়া বিশপের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। দুজন এখনো পলাতক। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রামনিয়া বিশপই মুনারলিনকে গুলি করেছে।
