শ্রমিক সংকট মেটাচ্ছে কম্বাইন্ড হারভেস্টার

আপডেট : ০৫ মে ২০২০, ২১:২৫

কুমিল্লায় বোরোর বাম্পার ফলন

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধান কাটার এই মৌসুমে করোনার প্রভাবে জেলার সর্বত্র শ্রমিক সংকট দেখা দেওয়ায় কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষক। এরই মাঝে ফসলের মাঠে এসেছে সরকারের কৃষি প্রণোদনার আওতায় ধান কাটা মেশিন ‘কম্বাইন্ড হারভেস্টার’। এ মেশিনে একই সঙ্গে ধান কাটা, মাড়াই এবং বস্তাজাত করা যায়। এছাড়া সরকারি প্রক্রিয়ায় ইতিমধ্যে উত্তরাঞ্চল থেকে জেলায় শ্রমিক আনা হয়েছে। এতে কৃষি শ্রমিকের সংকট অনেকটা কাটিয়ে উঠে জমির ফসল ঘরে তুলতে পেরে কৃষকরা বেশ খুশি। আদর্শ সদর উপজেলার কাটানিসার গ্রামের আনোয়ার হোসেন, আবদুল মোমেনসহ কৃষকরা জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও বস্তাজাতকরণে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কম হচ্ছে। এই তিন ধরনের কাজ শ্রমিক দিয়ে করা হলে দ্বিগুণেরও বেশি খরচ হতো। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল  জানান, কৃষি প্রণোদনার আওতায় এই মেশিনে তিন ধরনের কাজ এক সঙ্গে করা যায়। এতে কৃষকরা স্বল্প সময়ে কম খরচে তাদের ধান ঘরে তুলতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক সুরজিত্ চন্দ্র দত্ত জানান, জেলার বিভিন্ন উপজেলায় ৫০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ৫৭টি রিপার মেশিন ইতিপূর্বে দেওয়া হয়েছে। এছাড়া সরকারি প্রক্রিয়ায় কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও রংপুরসহ ঐ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৮০০ জন কৃষি শ্রমিক কুমিল্লায় আনা হয়েছে। সহসা আরো ৫০০ শ্রমিক আনা হবে।