বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর থেকে মঙ্গলবার ভোররাতে হরিণ শিকারকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় শিকারের ফাঁদে আটকে থাকা জীবিত ২২টি চিত্রল উদ্ধার করা হয়। আটক চোরা শিকারিরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার তারুকের চরদোয়ানী গ্রামের আবুল খাঁ, একই উপজেলার কাঠালতলীর বকুলতলা গ্রামের সঞ্জয় মিস্ত্রি ও খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের আসাদুল শেখ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। এসিএফ জয়নালের নেতৃত্বে শ্যারারচর, কুকিলমুনি ও জ্ঞানপাড়া কর্মকর্তা ও বনরক্ষীরা সোমবার বিকাল থেকে অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় তিনটি ট্রলার ও একটি নৌকা জব্দ করা হয়। ট্রলার থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ তিন চোরা শিকারিকে গ্রেফতার করা হয়। পরে টিয়ারচর এলাকায় ফাঁদে আটকে থাকা ২২টি জীবিত হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়। এই তিন চোরা শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
