গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে জেলেদের মধ্যে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিনজন ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। গত ৪ মে দৈনিক ইত্তেফাকে ‘গৌরনদীর জেলেরা ৮০ কেজি চালের স্থলে পেলেন ৫০০ টাকা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির সদস্য সচিব ইসরাত জাহান মঙ্গলবার নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বার্থী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা ও শরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লাকে শোকজ করেন। তাদের স্ব-স্ব ইউনিয়নে জেলেদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে কৈফিয়ত তলব করে তাদের প্রত্যেকের নামে চিঠি ইস্যু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, আগামী দু-এক দিনের মধ্যে ঐ ৮৫৫ জন জেলের মধ্যে এপ্রিল ও মে মাসের বরাদ্দ হিসেবে পুনরায় আরো ৮০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ চাল যাতে সঠিকভাবে বণ্টন করা হয়—সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজর রাখা হচ্ছে। সে ক্ষেত্রে তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে।
