ভূঞাপুরে কৃষকের ধান কেটে দিল সাংবাদিকরা

আপডেট : ০৫ মে ২০২০, ২১:২৮

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষক পাকা ধান কাটতে না পারায় চিন্তিত হয়ে পড়েছেন। আর এই দুঃসময়ে হাঁটুপানিতে নেমে কৃষকের পাকা ধান কেটে দিল ভূঞাপুরের সাংবাদিকরা।

মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুল বাছেদের ৪৫ শতাংশ জমির ধান কেটে দেন সাংবাদিকরা।

কৃষক আব্দুল বাছেদ বলেন, অনেক আশা নিয়ে জমিতে ধান রোপণ করেছিলাম। কিন্তু অর্থাভাব আর শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। এতে স্থানীয় সাংবাদিকরা আগ্রহ প্রকাশ করে আমার ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন।

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক বলেন, যেহেতু দেশে লকডাউন চলছে আর এই সময়টা ধান কাটার মৌসুম। এতে কৃষক ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না। এই দুঃসময়ে সহকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি।