এরা কোন ধরনের জনপ্রতিনিধি?

আপডেট : ০৫ মে ২০২০, ২১:৫২

দেশের বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। অদৃশ্য করোনা ভাইরাস মোকাবিলায় আজ সারা বিশ্ব তত্পর। অথচ এক শ্রেণির জনপ্রতিনিধি ত্রাণের চাল নিয়ে ছিনিমিনি খেলছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বার ত্রাণের চাল আত্মসাত্ করে বিক্রি করছে, ঘরের মেঝে গর্ত করে লুকিয়ে রাখছে। টিসিবির সোয়াবিন তেল লুকিয়ে রাখছে অনেক ডিলার। এই ক্রান্তিকালে যেখানে উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সেখানে ত্রাণচোরদের প্রতিরোধ করতেও প্রশাসনকে ব্যস্ত থাকতে হচ্ছে। বিপদের দিনেই তো জনপ্রতিনিধিদের চেনা যায়। যারা জনগণের বিপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে জনগণের ভোটে চেয়ারম্যান ও মেম্বার হয়েছে, তারাই কি না ত্রাণচোর হিসেবে গণ্য হচ্ছে! মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বহিষ্কার করা এবং শাস্তি দেওয়া হচ্ছে। তারা যেন ভবিষ্যতে আর কোনো নির্বাচনে প্রার্থী হতে না পারে সে ব্যবস্থা করাও জরুরি। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ত্রাণচোরদের ছবিসহ পোস্টার করে দেয়ালে সাঁটানোর ব্যবস্থা করতে পারে।      

মো. সোয়েব মেজবাহউদ্দিন

মোহাম্মদপুর, ঢাকা