ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্প লকডাউন

আপডেট : ০৫ মে ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আট পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ভোরে ক্যাম্পটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে আট পুলিশ সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বলেন, পুলিশ ক্যাম্পের এক জন পুলিশ কর্মকর্তাসহ কয়েক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্পটি লকডাউন করা হয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ক্যাম্পের ৯ সদস্যের মধ্যে আট জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ক্যাম্পটি লকডাউন করা হয়েছে। ঢাকা মেডিক্যালে ডিউটি করার জন্য নতুন করে তিনটি মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। টিম তিনটি করোনা ইউনিট, জরুরি বিভাগ ও মর্গে ডিউটি করবে।

সূত্র জানায়, ঢামেক ক্যাম্পের ইনচার্জ কয়েক দিন ধরে মাঝেমধ্যে জ্বর অনুভব করায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় জানতে পারেন করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হয়।