ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে ঢালাওভাবে শপিংমল ও দোকানপাট খুলে দিয়ে জনসমাগমের সুযোগ দেওয়া হবে আত্মঘাতী। এবারের ঈদ আনন্দের ঈদ না, শপিংয়ের ঈদ না। ১০ মে থেকে ঢালাওভাবে শপিংমল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা সরকারের প্রতি সনির্বন্ধ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা এই আহ্বান জানান। এই সংকটেও যাদের শপিংয়ের সামর্থ্য আছে তাদের শপিংয়ের অর্থ দিয়ে শপিং না করে কর্মহীন আয়হীন নিরূপায় অসহায় মানুষের পাশে খাদ্য সাহায্য নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান ইনু-শিরীন।
