করোনা ভাইরাস মোকাবিলা

প্রধানমন্ত্রীর যথাযথ পদক্ষেপে দেশবাসী ক্রমান্বয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছে :নাসিম

আপডেট : ০৫ মে ২০২০, ২২:৪৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ পদক্ষেপের কারণে দেশবাসী ক্রমান্বয়ে সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন ত্রাণ তত্পরতা অব্যাহত রেখেছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মোহাম্মদ নাসিম বলেন, করোনা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ প্রতিদিনই সরকারের ব্যর্থতার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক মাসে গার্মেন্টস ব্যবসায়ী, ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নের পথে। তিনি প্রায় প্রতিদিন ভিডিও কনফারেন্স বা বিভিন্নভাবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেখানে বিএনপির মহাসচিবসহ তাদের কয়েক জন দায়িত্বহীন নেতার অসত্য ভাষণ দেশবাসীকে বিস্মিত করছে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির নেতৃত্বকে মনে রাখা উচিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা মানবিক ও উদার। যেখানে বিএনপির ব্যর্থ নেতৃত্ব তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে চরমভাবে ব্যর্থ হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী তাদের নেত্রীর প্রতি সহানুভূতিশীল হয়ে মুক্তি দিয়েছেন। অথচ বিএনপির নেতৃবৃন্দের সামান্যতম কৃতজ্ঞতা ও সৌজন্যবোধ নেই। তিনি বলেন, যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকা প্রশংসিত হচ্ছে, সেখানে বিএনপির এই অভিযোগ ভিত্তিহীন ও অবান্তর। তিনি বিএনপির নেতৃবৃন্দকে মিথ্যাচার পরিহার করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।