সব খুললে রোগী বাড়বেই -------স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২০, ২২:৫১

বাংলাদেশে এখন ক্রমশ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সব কিছু খুলে দিলে রোগী বাড়বেই।’ গতকাল মঙ্গলবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস টেকনিক্যাল কমিটির সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সংক্রমণ কিছু বাড়ছে। গত ৮-১০ দিন ধরে দেখেছি ৪০০-৫০০ রোগী। কিন্তু এখন ৬০০ ছাড়িয়ে গেছে। আজ (মঙ্গলবার) ৭০০ ছাড়িয়েছে। যেহেতু স্বাভাবিকভাবে এখন কি-না মার্কেট খোলা হয়েছে, গার্মেন্ট খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে। কাজেই সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে, এটা আমরা ধরেই নিতে পারি।’ জাহিদ মালেক বলেন, ‘আমাদের যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবন ও জীবিকা দুটিই সঙ্গে সঙ্গে যাবে।        কাজেই সেভাবেই কাজগুলো হবে। তবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে। আমাদের দায়িত্ব হলো যাতে রোগীগুলো সঠিক চিকিত্সা পায়, সঠিকভাবে রাখতে পারি।’

সংক্রমণ যাতে বাড়তে না পারে সে বিষয়ে টেকনিক্যাল কমিটি পরামর্শ দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি কোভিড-১৯ রোগীদের নিয়ে যারা কাজ করছেন যেমন—চিকিত্সক, নার্স ও অন্যান্য কাজে সম্পৃক্ত তাদের আরো উত্সাহিত করা যায় কীভাবে সে বিষয়েও তারা পরামর্শ দিয়েছেন বলে জানান মন্ত্রী। সংক্রমণ বাড়তে থাকার মধ্যে ১০ মে শপিংমল খোলা জরুরি ছিল কি-না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টেকনিক্যাল কমিটি এই বিষয়টি সভায় তুলে ধরেছে। কমিটি একটি প্রস্তাবনা দেবে এবং সুচিন্তিত মতামত ও পরামর্শ দেবে। সেই পরামর্শটা আমরা যথাযথ জায়গায় দিয়ে দিব। খুব শিগগিরই কমিটি এই মতামত ও পরামর্শ দিবে।’ চিকিত্সকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘কেন চিকিত্সকরা বেশি আক্রান্ত হচ্ছেন তা খতিয়ে দেখার বিষয়েও আলোচনা হয়েছে।’