এক দিনে সর্বোচ্চ ৭৮৬ জন শনাক্তের রেকর্ড

আপডেট : ০৫ মে ২০২০, ২২:৫৬

দেশে এক দিনে রেকর্ড ৭৮৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯২৯ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো এক জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮৩ জন হয়েছে। বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরো ১৯৩ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার ১০ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এক দিনে এত  বেশি নতুন রোগী আর কখনো বাংলাদেশে শনাক্ত হয়নি। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান,              গত এক দিনে যিনি মারা গেছেন, তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, তিনি একজন পুরুষ।  ঢাকার বাসিন্দা। এখন সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩৩টি ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১২৮ জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭০ জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন এক হাজার ২৪৩ জন। করোনা চিকিত্সায় রাজধানীসহ সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে আট হাজার ৫৯৪টি। এর মধ্যে রাজধানী ঢাকায় ২ হাজার ৯০০টি এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৯৪টি। এসব হাসপাতালে আইসিইউ বেড আছে ৩৩০টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে ১০২টি। গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২ হাজার ৪৭৭ জনকে এবং এ পর্যন্ত নেওয়া হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮১১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ২৮৮ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬৮৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪১ হাজার ১২২ জন।