বিমান চলাচলে নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বাড়ল

আপডেট : ০৫ মে ২০২০, ২২:৫৬

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান চলাচলে নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হলো।

এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে এর সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করার কথা বলা হয়েছে এবং কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।