জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশনায় শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তোতা খানের নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের প্রায় ৩২০ পরিবারের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তৈল, আলু, চিনি, ছোলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সামসুদ্দিন খান, পৌরসভার দুই বারের সফল পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ঘোষসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে প্রায় ২ হাজার পরিবারের মাঝে এ খাবার সহায়তা বিতরণ করা হবে বলে বিতরণকারীরা জানিয়েছেন।
