হবিগঞ্জে ম্যাজিস্ট্রেট ওসিসহ ১৩ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ মে ২০২০, ২২:৫৭

হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে। এদিকে হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জের বাসিন্দা মাইক্রোবাসচালক মোফাজ্জল (৪৫) সুস্থ হয়ে গতকাল হাসপাতাল ত্যাগ করেছেন।

মঙ্গলবার দুপুরে পাওয়া রিপোর্টে চুনারুঘাট উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে ওসিসহ পাঁচ পুলিশ, এক জন স্বাস্থ্যকর্মী, নবীগঞ্জে ১ জন স্বাস্থ্যকর্মীসহ ২ জন , বাহুবলে ১ জন ও লাখাইয়ে ১ জন রয়েছেন। সোমবার রাতে হবিগঞ্জের একজন নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের (২৮) করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান।

এদিকে নমুনা পাঠানোর ১১ দিন পর পাঁচ পুলিশ করোনা পজিটিভ রেজাল্ট আসায় পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভীতি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনা শনাক্ত হওয়া ঐ পাঁচ পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মানুষ, কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে মিশেছেন। ফলে তাদের মাধ্যমে আরো কতজন আক্রান্ত হয়েছেন কে জানে। এত দেরিতে রেজাল্ট দেওয়া হলে পুলিশ সদস্যদের মধ্যে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ  করেন।