মুনতাসীর মামুনের বিরুদ্ধে গুজব সৃষ্টিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে

আপডেট : ০৬ মে ২০২০, ০০:৩৯

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিত্সা এবং সামগ্রিকভাবে করোনা মহামারির বিস্তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা-বিদ্বেষ ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের বিরুদ্ধে গত দুই দিন ধরে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা-বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে— তাতে পরিবারের সদস্যবৃন্দ, সহযোদ্ধা ও গুণগ্রাহীদের ভেতর অত্যন্ত বেদনা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন অজুহাতে যারা ঘৃণা-বিদ্বেষ ও সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের বিরুদ্ধে সচেতন মানুষদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। —সংবাদ বিজ্ঞপ্তি