রাজধানীর তিনটি স্থানে একই সময়ে ত্রাণ ও বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ প্রদর্শনকারী এরা কারা? মঙ্গলবার দুপুরে মালিবাগ, সায়দাবাদ ও গাবতলীতে ৬০/৭০ জন হঠাত্ করে বিক্ষোভ প্রদর্শন করে। কতিপয় রাজনৈতিক দলের নেতারা বিক্ষোভ প্রদর্শনের পূর্বে তারা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সরাসরি সম্প্রচার করার কথা জানায়। এর সঙ্গে সরকারবিরোধী কোনো চক্রের যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। ঐসব রাজনৈতিক দলের নেতাদের পরিচয়ও জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজনৈতিক নেতাদের নাম-পরিচয় জানিয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। কেন তারা এ ধরনের ঘটনার পরিকল্পনা নিয়েছে, তা তদন্ত করছে গোয়েন্দা সংস্থা।
করোনা ভাইরাসের মহামারিতে সারাদেশে লকডাউন ও সাধারণ ছুটির মধ্যে সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ত্রাণের দাবি নিয়ে বিক্ষোভ করার বিষয়টি পরিকল্পিত কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা।
