হাওরের ৯০ ভাগ ও দেশের ২৫ ভাগ ধান কাটা হয়েছে

আপডেট : ০৬ মে ২০২০, ০০:৪১

হাওরের ৯০ শতাংশ ও সারাদেশের ২৫ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, হাওরের অবশিষ্ট ১০ শতাংশ ধান চলতি সপ্তাহের মধ্যে কাটা সম্পন্ন হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সম্মেলন কক্ষ থেকে হাওরসহ সারা দেশের বোরো ধান কাটার অগ্রগতি এবং করোনা উদ্ভূত পরিস্থিতিতে কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনলাইনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অনলাইন ব্রিফিংয়ে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ প্রমুখ সংযুক্ত ছিলেন।

ড. রাজ্জাক বলেন, আগামী জুন মাসের মধ্যে সারাদেশের বোরো ধান শতভাগ কাটা সম্পন্ন হবে বলে আশা করছি। তিনি বলেন, হাওরভুক্ত সাত জেলায় (কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া) এ বছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে। গতকাল পর্যন্ত কাটা হয়েছে ৪ লাখ ৯৬৪ হেক্টর জমির ফসল। যা হাওরভুক্ত মোট আবাদের  ৯০.০২ শতাংশ । 

কৃষিমন্ত্রী জানান, কৃষিতে করোনা ভাইরাসের প্রভাব এড়াতে কৃষি যন্ত্রপাতি সরবরাহে জরুরি সহায়তা বাবদ প্রথম পর্যায়ে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে ৮০৩টি কম্বাইন হারভেস্টার ও ৪০০টি রিপার ও দ্বিতীয় পর্যায়ে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে  ৫১৯টি কম্বাইন হারভেস্টার ও ৫০৮টি রিপারসহ সর্বমোট ১ হাজার ৩২২টি কম্বাইন হারভেস্টার ও ৯০৮টি রিপার বরাদ্দ প্রদান করা  হয়েছে। এসব কৃষি যন্ত্রপাতির মধ্যে হাওর অঞ্চলে ৩৭০টি কম্বাইন হারভেস্টার ও ৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার হচ্ছে। এছাড়া হওরাঞ্চলে ধান কাটার জন্য প্রায় ৩ লাখ ৫০ হাজার ৫০০ জন কৃষি শ্রমিক নিয়োজিত আছে।

শুধু সুষ্ঠুভাবে ধান কাটা নয়, কৃষকেরা যাতে ধানের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে সরকার ৮ লাখ টন ধান, ১.৫ লাখ টন আতপ চাল, ১০ লাখ টন সিদ্ধ চাল, এবং ৭৫ হাজার মেট্রিক টন গমসহ মোট ২০ লাখ ২৫ হাজার টন খাদ্যশস্য ক্রয় করবে। তিনি বলেন, কৃষকের ধান বিক্রয়ে যাতে সুবিধা হয় এজন্য ইউনিয়নে পর্যায়ে ২ হাজার ২৩২টি আর্দ্রতামাপক যন্ত্র সরবরাহ করা হয়েছে।

আউশ মৌসুমে ৩৪ লাখ ৪৪ হাজার ৮০০ টন চাল উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।