চীনের ল্যাবরেটরি নয় বরং প্রাকৃতিকভাবেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর ও হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফৌসি। সোমবার ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাতকারে তিনি এমনটি বলেন।
সাক্ষাতকারে ড. অ্যান্থনি ফৌসি বলেন, আপনি যদি বাদুড়ে করোনা ভাইরাসের বিবর্তন এবং এখন যা হচ্ছে সেটি দেখেন তাহলে খুব, খুব জোরালোভাবে আপনি এই সিদ্ধান্তে উপনিত হবেন যে এটি কৃত্রিমভাবে তৈরি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে চীনের ল্যাবে তৈরি হয়নি করোনা ভাইরাস।
এদিকে মঙ্গলবার অ্যারিজোনা সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চীনের হুবেই প্রদেশের উহানের ল্যাব থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও এমনটি দাবি করছেন। তবে বেশিরভাগ বিশেষজ্ঞের দাবি, উহানের বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। যা পরে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে।
ইত্তেফাক/এআর
