ত্রিশালে মুক্তিযুদ্ধকালে শহীদ মালেকের বিস্তারিত পরিচয় আজো মেলেনি!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

ময়মনসিংহের ত্রিশালে ১৯৭১ সালের ২৫ এপ্রিল রবিবার বিকালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। মৃত্যুর পর তাকে ঘটনাস্থল ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশেই কবর দেয় উপস্থিত থাকা কয়েকজন সদস্য।

ঘটনার দিন ঘটনাস্থলের কাছে নিজ বাড়িতে থাকা কয়েকজনের মধ্যে সত্তর বছর বয়সী সুরুজ আলীর সাথে কথা বলে জানা গেছে, ত্রিশাল উপজেলায় পাকিস্তানি বাহিনীর আক্রমণে শহীদ হন আব্দুল মালেক। মুক্তিযুদ্ধের সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি আবু তাহের তরফদার বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই পাকিস্তানি বাহিনী ময়মনসিংহে ক্যাম্প করে মহড়া দেওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সম্মুখ যুদ্ধে শহীদ হন আব্দুল মালেক। পরবর্তীতে আমরা শুনেছি শহীদ মালেকের বাড়ি নোয়াখালী জেলায়।

জানা যায়, ঘটনার দিন পিজিআরের কয়েকজন সদস্য উপজেলার পূর্বদিক থেকে এসে ওই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন। ওই সময় ময়মনসিংহের দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ি দেখে পিজিআরের কয়েকজন সদস্যরা ভেবেছিল এটা মনে হয় তাদের পরিচিত কারো গাড়ী হবে। কিন্তু গাড়িটি কাছাকাছি আসতেই বুঝতে পারল এটা পাকিস্তানি বাহিনীর সদস্যদের গাড়ি। কিছু বুঝে উঠার আগেই গুলিতে ঝাজড়া হয়ে গেল মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দেহ।  

উপজেলা মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান বলেন, আমরা ত্রিশালবাসী শহীদ আব্দুল মালেকের পরিচয় না পেলেও তার সম্মানার্থে শহীদ আব্দুল মালেক স্মৃতিসংঘ গঠন করেছি। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন দিবসে তাকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও তার পরিচয় মেলেনি এখনো। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির জানান, প্রশাসনিকভাবে প্রতি বছর তার স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে।