চট্টগ্রাম-১৬ আসনে পুনঃনির্বাচনের দাবি জাতীয় পার্টির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী ওই আসনে পুনঃনির্বাচন দাবি করেছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগের স্থানীয় অপরিপক্ব নেতৃত্বের কারণে দল এবং প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে। স্থানীয় এমপির কারণে একজনের নির্মম মৃত্যু এবং শতাধিক গুলিবিদ্ধসহ অনেকে সারাজীবনের জন্য পঙ্গু হতে চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রক্তপাতহীন নির্বাচন চেয়েছেন। কিন্তু দুর্বল নেতৃত্বের কারণে মহাজোটের শরিক জাতীয় পার্টি অধ্যুষিত এলাকার ৪০টি কেন্দ্রে আগের দিন ভোট কেটে নিতে গেলে বাধা দেওয়ায় গুলিতে একজন নিহত হয়। ভোটের দিন বাকি কেন্দ্রসমূহ পুলিশ ও বিজিবি’র সহায়তায় দখল করে ভোট ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের লোকজন। তিনি এই ন্যক্কারজনক ভোটের কারণে উক্ত আসনে পুনঃ নির্বাচনের দাবি জানান।