ছোটবেলা থেকেই বাড়িতে দেখে এসেছি অনেক বড় করে ইফতারের আয়োজন করা হতো। কারণ হচ্ছে আমাদের যৌথ পরিবার ছিল। দাদা, আব্বু ছাড়াও বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করা হতো। ভাই-বোন, ফুফুরা একসঙ্গে প্রতিদিনই প্রায় ৪০/৫০ জনের ইফতারের আয়োজন হতো। অন্যরকম একটা পরিবেশ তৈরি হতো বাড়িতে। সেটা অনেক সুখের স্মৃতি। অন্যদিকে সেহরির সময়ও একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো। আমাদের বাড়ি ছিল ঠিক মসজিদের পাশে। সময় হলেই মসজিদের মাইক থেকে ডাকাডাকি শুরু হয়ে যেত। মনে পড়ে তখন শীতকাল ছিল। শীতের সময় লেপের ভেতর থেকে উঠতে ইচ্ছে হতো না। অনেকদিন এমন হতো আমাকে ডাকতো না, পরে আমি রাগারাগি করতাম। এরপর যখন আর একটু বড় হলাম সেহরি খাওয়ার পর মসজিদে নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে নিয়ে হাঁটতে যেতাম। আবার সন্ধ্যার আগে দাঁত মাজার ধুম লেগে যেত।
ছোটবেলার রোজার দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে
চিত্রনায়ক সাইমন সাদিক
