সিঙ্গাপুরে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮৮ জন। —খবর দ্য স্ট্রেইট টাইমসের
নতুন করে করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। তারা বিভিন্ন ডরমিটরিতে বসবাস করেন। গত কয়েক সপ্তাহে এসব ডরমিটরি থেকেই সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ ছাড়িয়ে গেছে সিঙ্গাপুর। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫১৯ জন। আর অ্যাক্টিভ কেস ১৮ হাজার ৬৬১টি। অপরদিকে ২৪ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। মঙ্গলবার থেকে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে। লোকজন কাজে ফিরতে শুরু করেছে। তবে যেসব ব্যবসা প তিষ্ঠান আবার চালু হয়েছে সেগুলোকে কঠোর বিধি-নিষেধ মেনে চলতে হবে। যেমন : অফিসে কর্মীদের সারাদিন ফেস মাস্ক পরে থাকতে হবে এবং লাঞ্চ ব্রেকের সময় কর্মীরা একত্রিত হতে পারবেন না।
আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুলগুলো আবার খুলে দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন ডরমিটরিতে আইসোলেশনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। সেখানে তাদের দৈনন্দিন চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত এসব কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে।
