জার্মানিতে চলতি মাসেই খুলছে দোকানপাট

আপডেট : ০৬ মে ২০২০, ২১:২৩

বিবিসি

চলতি মাসেই সব দোকানপাট এবং স্কুল খুলে দিচ্ছে জার্মানি। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বিভিন্ন রাজ্যের গভর্নরের এক বৈঠকের পর এ বিষয়ে একটি খসড়া চুক্তি হয়েছে। ঐ খসড়া চুক্তি অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে চলা কড়াকড়ি মে মাসেই তুলে নেওয়া হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরেই জার্মানিতে লকডাউন চলছে। দেশজুড়ে করোনার বিস্তার রোধ করতে এমন পদক্ষেপ নিয়েছিল সরকার। এখন সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। ফলে দেশজুড়ে কড়াকড়ি শিথিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে কি না, সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। বুধবার জার্মানির সংক্রামক রোগবিষয়ক সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, দেশটিতে নতুন করে আরো ৯৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ৮০৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬৫ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬ হাজার ৯৯৬ জন। দেশটিতে এরই মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩৫ হাজার ১০০ জন।