কিমের অস্ত্রোপচার হয়েছিল এমন তথ্য নেই

আপডেট : ০৬ মে ২০২০, ২১:২৩

দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার দাবি

 

বিবিসি

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরীয় নেতা কিম জং উনের যখন কোনো খবর পাওয়া যাচ্ছিল না সে সময়ে তার হার্টের অপারেশন হয়েছিল কি না সে ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। সংস্থাটির প্রধান সুহ হুন বুধবার পার্লামেন্টারি কমিটিকে এ খবর জানান। তিনি বলেন, সম্ভবত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই তিনি ‘লাপাত্তা’ হয়ে গিয়েছিলেন। আর এ কারণেই কয়েক সপ্তাহ তার খোঁজ মেলেনি।

সম্প্র্রতি প্রায় ২০ দিন প্রকাশ্যে আসা থেকে বিরত থাকেন কিম জং উন। নিজের দাদা এবং দেশটির প্রতিষ্ঠাতার জন্ম বার্ষিকীর অনুষ্ঠানেও হাজির ছিলেন না তিনি। এরপরই কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার অসুস্থতার গুঞ্জন শুরু হয়। এমনকি মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে এর পরই একটি সার কারখানা পরিদর্শন করতে দেখা যায় তাকে। ঐ অনুষ্ঠানের প্রকাশিত ছবিতে তাকে সুস্থ অবস্থাতেই দেখা গেছে। গোয়েন্দা সংস্থাটির প্রধান জানান, এই বছর এখন পর্যন্ত ১৭ বার প্রকাশ্যে এসেছেন কিম জং উন। অন্য বছরগুলোতে একই সময়ে প্রায় ৫০ বার প্রকাশ্যে আসেন। তবে কম সংখ্যক বার প্রকাশ্যে আসার সঙ্গে করোনা ভাইরাসের মহামারির যোগসূত্র থাকতে পারে। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এই ভাইরাস সংক্রমণের খবর স্বীকার করে না। দেশটিতে এক জনও এই ভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি সরকারের।