লাইবেরিয়ায় সোনার খনি ধসে নিহত ২

আপডেট : ০৬ মে ২০২০, ২১:২৪

রয়টার্স

লাইবেরিয়ার পশ্চিমাঞ্চলে অননুমোদিত একটি সোনার খনিতে দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার গ্র্যান্ড কেপ মাউন্ট এলাকায় ঐ খনি ধসের ঘটনা ঘটে বলে লাইবেরিয়ার সহকারী খনি মন্ত্রী এমানুয়েল সোয়েন ও সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আর্কিভিগো দো জানিয়েছেন, ২০ থেকে ২৮ বছরের মধ্যে ১৪ জন যুবক ঐদিন রাতে খনিতে গিয়ে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের চেষ্টা চালায়। খনি ধসের ঘটনায় তাদের চার জন আটকা পড়েন; এর মধ্যে দুই জনের মৃত্যু হয়, বাকি দুই জন আহত হয়েছেন। এর আগে গ্র্যান্ড কেপ এলাকার মেয়র এডউইক কোহা মঙ্গলবারের খনি ধসের ঘটনায় প্রায় অর্ধশত নিখোঁজ বলে জানিয়েছিলেন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬০ হতে পারে বলে তাত্ক্ষণিকভাবে রাষ্ট্র পরিচালিত রেডিওতে আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি। উদ্ধার অভিযান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা হতাহতের সংখ্যা চার বলে জানান।