এ কেমন নিষ্ঠুরতা?
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিষ্ঠুরভাবে ১৫টি বানরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যখাগদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বন বিভাগ।
এলাকাবাসী জানায়, বিকালে ঐ এলাকায় অপরিচিত কয়েক জন যুবক কলা, মুড়ি, চিড়া বানরদের খেতে দিয়ে চলে যায়। খাবার খেয়ে ছটফট করে মাটিতে ঢলে পড়ে বেশ কয়েকটি বানর।
স্থানীয়দের সূত্র জানায়, লোকালয়ে বসবাস করা কিছু বানরকে স্থানীয়রা স্বেচ্ছায় সকাল-বিকাল খাবার দেয়। তবে কিছু অভুক্ত বানর খাবার না পেয়ে তারা কিছু লোকের বাড়িতে প্রায়ই হানা দেয়।
মাদারীপুর সামাজিক বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ইদ্রিস মিয়া বলেন, ‘মাদারীপুর চরমুগরিয়ায় ২ থেকে আড়াই হাজার বানর বিচরণ করে। বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত বানরগুলোকে খাবারও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকালে ঐ এলাকার ১৫টি বানর মারা গেছে। তার মধ্যে স্থানীয়রা ১১টি বানরকে মাটি দিলেও নমুনা হিসেবে পরীক্ষার জন্য একটি বানরকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসা হয়েছে। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ বিষয়ে বন বিভাগ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে। বানর মারা যাওয়ার ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। বানর মারার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, ‘গত তিন মাস ধরে খাবার দেওয়া হচ্ছে। খাবারের কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরেছে তারা জঘন্যতর অপরাধ করেছে। রাতে আমাদের বন বিভাগের লোক ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। যা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’
