ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের উত্পাদন শুরু

আপডেট : ০৬ মে ২০২০, ২১:২৯

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশের বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের উত্পাদন দীর্ঘ ৪০ দিন পর শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার ভোরে এই জুট মিলের উত্পাদন পুরোদমে শুরু হয়েছে। গত ২৫ মার্চ রাতে উত্পাদন শেষে মহামারি করোনা ভাইরাসের কারণে বিজেএমসি কর্তৃপক্ষ মিলের উত্পাদন বন্ধ করে দেয়। মিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, করোনা মহামারির কারণে দীর্ঘদিন মিলের উত্পাদন বন্ধ থাকায় বেকার হয়ে যায় মিলের প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক-কর্মচারী। এতে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনযাপন করে আসছিল মিলের শ্রমিকরা। এদিকে ১১ সপ্তাহ মজুরি বকেয়ার মধ্যে গত ৪ মে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের চার সপ্তাহের মজুরি দিয়ে দেয়। তাছাড়া উত্পাদন ও রপ্তানি বন্ধ থাকায় সার্বিক পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়েছিল। এদিকে মিলের প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান মণ্ডল জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বিজেএমসির নির্দেশে বুধবার মিলের উত্পাদন সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু করেছে শ্রমিকরা। শ্রমিক-কর্মচারীদের মিলে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা করেছি। শ্রমিকরা মাস্ক পড়ে কাজে যোগ দিয়েছে। এছাড়া হাত ধোয়ার ব্যবস্থা ও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে উত্পাদন চালু করেছি।