সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার সময় ৯ নৌকা জব্দ

আপডেট : ০৬ মে ২০২০, ২১:২৯

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে সংঘবদ্ধ জেলেরা অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৯টি নৌকা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার ভোর ৬টার দিকে সুন্দরবনে চোরা মেঘনা অভয়ারণ্য এলাকা থেকে নৌকাগুলো জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী বন অফিসের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে চোরা মেঘনা অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরা জেলেদের ৯টি নৌকা জব্দ করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলের দল সুন্দরবনে পালিয়ে যায়।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, অভয়ারণ্য এলাকা থেকে জেলেদের মাছ ধরার নয়টি নৌকা জব্দ করে দোবেকী বন অফিসে হস্তান্তর করা হয়েছে।