ভ্রাম্যমাণ প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে কেপি বসু সড়কে প্রধান কাপড়ের মার্কেটের প্রবেশমুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে কেপি বসু সড়কের প্রবেশপথে এই টানেল উদ্বোধন করা হয়েছে।
এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে. কর্নেল নাসির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১০ মে থেকে শহরের কেপি বসু সড়কের প্রায় আড়াইশ পোশাকের দোকানে আসা ক্রেতারা এই টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে মার্কেটে ঢুকে দোকানে দোকানে কেনাকাটা করবেন। কেপি বসু সড়কে আসা ক্রেতাদের এই টানেল হয়ে একমুখি বাজারে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও করোনা সংক্রমণ মোকাবিল করা সম্ভব হবে বলে জানিয়েছেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। টানেলটি নির্মাণ করেছে সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি।
