মির্জাপুর গণহত্যা দিবস আজ

আপডেট : ০৬ মে ২০২০, ২১:৩০

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

আজ ৭ মে, টাঙ্গাইলের মির্জাপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় মির্জাপুরের নিরীহ বাঙালির ওপর। নিরীহ বাঙালির আত্মত্যাগের মধ্য দিয়ে মির্জাপুর হানাদার মুক্ত ও স্বাধীন হলেও সেদিনের ভয়াবহ দৃশ্যের কথা মনে করে আজও মির্জাপুরবাসী শিউরে ওঠে। স্বাধীনতার ৪৯ বছর পার হলেও সেই সব বীর বাঙালি যাদের জীবনের বিনিময়ে মির্জাপুর দখলমুক্ত ও হানাদার মুক্ত হয়েছিল তাদের স্মরণে নির্মিত হয়নি কোনো স্মৃতিসৌধ ও শহিদ মিনার।

দিবসটি সরকারিভাবে পালন, নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং অসহায় পরিবারের দিকে সরকার সুনজর দেবেন এমনটাই প্রত্যাশা মির্জাপুরবাসী এবং কুমুদিনী পরিবারের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, মির্জাপুরে গণহত্যার স্থানগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে স্মৃতিফলক নির্মাণ করা হবে।