মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে হাঁড়িভাঙা আম ও ভুট্টাসহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার বিকালে উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে যায়।
গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া বাবুরহাট গ্রামের মাহিদুল ইসলাম বলেন, কালবৈশাখীর ঝড়ে বেশির ভাগ ভুট্টা খেত নষ্ট হয়েছে। বাতাসের তাণ্ডবে ভুট্টা গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে।
খোড়াগাছ ইউনিয়নের বারঘরিয়া সর্দারপাড়া গ্রামের আমবাগান মালিক আবদুস সালাম সরকার বলেন, আমার ১৪ একর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান রয়েছে। কালবৈশাখী ঝড়ে এক তৃতীয়াংশ গাছের আম ঝরে পড়েছে।
উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, উপজেলায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমবাগান রয়েছে। প্রায় ১৪ লাখ মণ আম উত্পাদন হওয়ার আশা করা হচ্ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্য অর্জন সম্ভব হবে না। রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান বলেন, তিনটি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে বুধবার সকাল ১০টার পর থেকে বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
