এলাকাবাসীর দুর্ভোগ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
গত দুই দিনের বর্ষণে ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরের সিদ্ধিরগঞ্জ ও আশপাশের নিচু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ও বুধবারের থেমে থেমে হওয়া বৃষ্টির পানি জমে স্থান ভেদে ১ থেকে ২ ফুট পানিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। কোথাও কোথাও ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে দিন যাপন করছে।
গত দুই দিনের বর্ষণে সিদ্ধিরগঞ্জের কদমতলী, নয়াপাড়া, গোদনাইল, জালকুড়ি, সানারপাড়, উত্তর ভুঁইগড়সহ বিভিন্ন এলাকার অনেক বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। গতকাল দুপুরে সরেজমিনে গেলে কদমতলী নয়াপাড়ার বাসিন্দা জাকির হোসেন জানান, এখন ঘরের মেঝেতে পানি। গত দুই দিনের বর্ষণে রাস্তাঘাট ডুবে ঘরেও পানি প্রবেশ করেছে। পানির সঙ্গে ময়লা থাকায় দুর্গন্ধে থাকা যাচ্ছে না। ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এ অবস্থা আশপাশের অন্য এলাকায়ও।
আদমজীর সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম এ মাসউদ বাদল সংসদ সদস্য শামীম ওসমানের নিকট খোলা চিঠি দিয়ে বর্তমান জলাবদ্ধতা নিরসনের জন্য আবেদন জানিয়েছেন।
শিমরাইলের পাম্প হাউসে গিয়ে দেখা যায়, ৫১২ কিউসেক ক্ষমতা সম্পন্ন চারটি পাম্পের মধ্যে ২টি পাম্প চালু রাখা হয়েছে। ঢাকা যান্ত্রিক পাম্প হাউস (শিমরাইল পাম্প হাউস) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাম প্রসাদ বসাক জানান, বর্তমানে ২টি পাম্প চালু আছে। সবগুলো পাম্প চালু করলে ময়লা আটকে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। তিনি আরো জানান, বর্তমানে শ্রমিক না পাওয়ায় ময়লা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
