স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত এবং মেডিক্যাল কলেজ হাসপাতাল হওয়ার কথা থাকলেও পারি নাই। আশা করছি এ দুরবস্থা শেষ হলে এ কাজটি হবে। এত দ্রুত সময়ে একটি পিসিআর ল্যাব স্থাপন হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে। এছাড়া মন্ত্রী, সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরাও কাজ করেছেন। তিনি বলেন, ল্যাব স্থাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং তার জন্য দোয়া চাই। একই সঙ্গে আমি মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, ডিজি, নারায়ণগঞ্জের ডিসি, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) কোভিড-১৯ টেস্টের জন্য স্থাপিত ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম ওসমান এসব কথা বলেন। সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের ডাক্তাররা অতিরিক্ত ঝুঁকি নিয়ে কাজ করায় নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন। মাস্ক ছিল না, পিপিই ছিল না। কিন্তু তার পরেও ডাক্তাররা কাজ করে দিয়েছেন।’ পরে আমি ব্যক্তিগত উদ্যোগে নারায়ণগঞ্জে করোনা রোগীদের চিকিত্সা দেওয়া ডাক্তারদের নারায়ণগঞ্জ ক্লাবে এবং ১০০ নার্স ও ব্রাদারদের নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলে অস্থায়ী আবাসনসহ খাওয়া যাতায়াত সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছি। রোগীদের জরুরি সেবা দিতে আটটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। কিছু দিনের মধ্যে স্কুলগুলো খুলে দেওয়া হবে। তখন আমাদের ডাক্তারদের থাকা খাওয়ার যাতে কোনো সমস্যা না হয় সে জন্য আমি জেলা প্রশাসকের কাছে নারায়ণগঞ্জ শহরে নির্মিত ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনটি উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরই মধ্যে আমার আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন।
