রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে গতকাল বুধবার আনোয়ার হোসেন (৪২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশ অজিউল্যাহ (৩৩) নামে এক জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার দুপুরে আনোয়ার হোসেনের মেয়ে আনিকা আক্তার বাড়ির সামনে দিয়ে হাঁটার সময় পূর্বগ্রামের আতাবুদ্দিনের ছেলে সানাউল্যাহ তাকে কটূক্তি করেন। এ নিয়ে আনোয়ার ও তার লোকজনের সঙ্গে সানাউল্যাহর পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রবি, তুষার, সানাউল্যাহসহ উভয় পক্ষের পাঁচ জন আহত হন। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে আনোয়ার হোসেনকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের ভেতরেই অজিউল্যাহসহ তার সহযোগীরা কুপিয়ে জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর চনপাড়া বস্তিতে ছড়িয়ে পড়লে আনোয়ারের সমর্থকরা পূর্বগ্রামের বেশকিছু বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘নিহত আনোয়ার হোসেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন। তবে আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
