টাঙ্গাইলের ধনবাড়ীতে নারী কাউন্সিলর লাঞ্ছিত, মামলা নিচ্ছে না পুলিশ

আপডেট : ০৬ মে ২০২০, ২২:৫২

টাঙ্গাইলের ধনবাড়ীতে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত এক নারী কাউন্সিলরের মামলা নিচ্ছে না থানা পুলিশ। বিচারের দাবিতে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

জানা যায়, ধনবাড়ী পৌরসভার ১,২,৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর (সংরক্ষিত আসন) নূরজাহান বেগম গত সোমবার দুপুরে ধনবাড়ী শহরের প্রধান সড়কের একটি মুদি দোকানের সামনে লাঞ্ছিত হন। সন্ত্রাসী জিয়াউল হক বোরখা পরা নিয়ে তাকে কটু কথা বললে তিনি প্রতিবাদ করেন। তখন জিয়া তার অপর দুই সঙ্গী নিয়ে নূরজাহান বেগমের ওপর চড়াও হয়ে লাথি ও কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন। আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন।

ঘটনার পর পরই তিনি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সঙ্গে দেখা করেন এবং বিচার দাবি করেন। ইউএনও তাকে ধনবাড়ী থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। ঐ নারী কাউন্সিলর অভিযোগ করেন, থানায় গিয়ে ওসি চান মিয়ার অফিস রুমে প্রবেশ করা মাত্র কোনো কথা না শুনেই তাকে ফালতু মহিলা, মিথ্যা মামলা দিতে এসেছেন ইত্যাদি বলে গালিগালাজ শুরু করেন। পরে তিনি থানার ডিউটি অফিসার এসআই সুরুজ মিয়ার কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে চিকিত্সার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তিনি জানতে পারেন তার লিখিত অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করা হয়নি।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার তারেকুজ্জামান তারেক জানান, ঐ নারী কাউন্সিলর নির্যাতনের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন ও চিকিত্সা নেন। 

এ ব্যাপারে মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, ঐ নারী কাউন্সিলর বিচার নিয়ে তার কাছে এসেছিলেন। আইনগত সহায়তা নেওয়ার জন্য তাকে ধনবাড়ী থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়। এখন কী ঘটছে তা তিনি জানেন না। ধনবাড়ী থানার ওসি চান মিয়া জানান, কাউন্সিলর নূরজাহান নাজেহাল হননি। নাজেহালের ভান করছেন।