লকডাউন উপেক্ষিত

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ অব্যাহত

আপডেট : ০৬ মে ২০২০, ২২:৫৫

লকডাউন উপেক্ষা করে ১০ম দিনের মতো গতকাল বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে ঢাকায় ফিরেছে শত শত যাত্রী। মার্কেট খুলে দেবার ঘোষণায় আটকে থাকা লোকজন এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এর পূর্বে শুধু গার্মেন্টসকর্মীদের ঢাকায় ফিরতে দেখা গেলেও গত দুই দিন ধরে নানা শ্রেণি পেশার মানুষকে এ নৌরুট দিয়ে ঢাকায় ফিরতে দেখা যাচ্ছে। তবে শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী বাস না থাকায় এসব যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে স্থানীয় যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় যেতে হচ্ছে।

বুধবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সরেজমিন দেখা যায়, দক্ষিণ বঙ্গ থেকে অসংখ্য লোকজন ফেরি পার হয়ে ঢাকায় যাচ্ছে। যখনই কোনো ফেরি কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া আসছে, ঐ ফেরিতে কিছুসংখ্যক গাড়ির সঙ্গে অসংখ্য যাত্রী আসছে। তারা ফেরিঘাটে নেমে কোনো বাস না পেয়ে বিকল্প পথে মাইক্রোবাস, নসিমন, করিমন, আটোরিকশা মোটরসাইকেল, ইয়েলোক্যাব ও রেন্ট-এ কারের গাড়িতে অধিক ভাড়া দিয়ে ভেঙে ভেঙে ঢাকা যাচ্ছে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, গত দুই দিন ধরে নানা মানুষ ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যাচ্ছে বিকল্প যানবাহনে। সরকারের মার্কেট খুলে দেওয়ার ঘোষণায় চাকরিজীবী, মার্কেটের দারোয়ান, স্টাফ, সেলসম্যান ব্যবসায়ীসহ নানা পর্যায়ের কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম মো. শফিকুল ইসলাম জানান, এখনো সীমিত আকারে ফেরি চলাচল করছে। দিনেরবেলায় দক্ষিণ বঙ্গ থেকে ঢাকাগামী শত শত যাত্রী ফেরিতে পার হচ্ছে।