কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কানাডায়। প্রতিদিন মৃত্যুর সংখ্যা গড়ে শতাধিক। কানাডা সরকার শুরু থেকেই নানা ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নেয়। তারপরও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ পর্যন্ত করোনাক্রান্তে মারা গেছেন ৪ হাজার ৪৩ জন। এর মধ্যে কুইবেক প্রভিন্সেই মারা গেছেন ২ হাজার ৩৯৮ আর অন্টারিওতে ১ হাজার ৩৬১ জন। কোনোভাবেই মৃত্যুহার ১৩ শতাংশ থেকে হ্রাস পাচ্ছে না। আর আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৪৬ জন। এরই মধ্যে বৃটিশ কলম্বিয়ায় পরিস্থিতি উন্নত হলে সেখানে লকডাউন তুলে নেওয়া হয়েছে। কুইবেক এবং অন্টারিওতে লকডাউন থাকলেও তা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এদিকে টরোন্টো শহরে মাগরিবের আজানের অনুমতি দেওয়া হয়েছে, শুধু রমজান মাসের জন্য। অপরদিকে সরকারের পাশাপাশি কমিউনিটির সমাজসেবীদের সমাজসেবা ও ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য সাহায্য-সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশিরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
