বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যান্ড উড্ ওয়ার্কারস ফেডারেশনের সভাপতি নূর মোহাম্মদ আকন্দ ও সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর এক বিবৃতিতে প্রাণঘাতী করোনার প্রভাবে মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি নির্মাণ শ্রমিকসহ অন্যান্য পেশার শ্রমিকদের অতিসত্বর বাংলাদেশের দূতাবাস থেকে ত্রাণসহায়তা দাবি করেছেন।
তারা বলেন, লকডাউনের কারণে বেশির ভাগ ক্ষেত্রে বহু প্রবাসী শ্রমিকের কোনো কাজ নেই এবং তারা কোনো সহায়তা পাচ্ছে না। খাবারের অভাবে কাজের সন্ধানে তাদের বাসার বাইরে যেতে হচ্ছে এবং নির্মমতার শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ির মালিকেরা তাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে ফলে তারা নিদারুণ দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। এই সব শ্রমিকের জন্য অতিসত্বর বাংলাদেশের দূতাবাস থেকে ত্রাণের ব্যবস্থা করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এরমধ্যে কোনো কারণে প্রবাসী শ্রমিকদের কেউ ফিরে এলে তাদের পুনর্বাসনের জন্যও জোর দাবি জানান তারা।
এছাড়াও সিংগাপুর ও মালদ্বীপে করোনা আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দানে দূতাবাসসমূহকে কার্যকর ভূমিকা নিতে তারা জোর আহ্বান জানান। ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে প্রতি ওয়ার্ডে ৫০০ জনকে ১০ টাকা দরে রেশনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। —প্রেস বিজ্ঞপ্তি।
