প্রেমিকার জন্য লকডাউন ভেঙে শীর্ষ ব্রিটিশ বিজ্ঞানীর পদত্যাগ

আপডেট : ০৭ মে ২০২০, ০০:২৪

প্রেমিকার জন্য প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জারি করা লকডাউন নির্দেশনা অগ্রাহ্য করার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের জরুরি বৈজ্ঞানিক পরামর্শক দলের (এসএজিই) অন্যতম সদস্য প্রফেসর নিল ফার্গুসন। মঙ্গলবার ব্রিটিশ সরকারের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

যুক্তরাজের দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, নিল ফার্গুসন তার প্রেমিকা অ্যান্তোনিয়া স্ট্যাটসকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। এ নিয়ে প্রফেসর নিল ফার্গুসন বলেন, আমি স্বীকার করে নিচ্ছি যে আমি ভুল করেছি। তাই আমি এসএজিই থেকে আমাকে সরিয়ে নিয়েছি। যুক্তরাজ্যে লকডাউন ঘোষণার অন্যতম কারিগর ছিলেন নিল ফার্গুসন। তিনি জানিয়েছিলেন, কড়া নিয়ন্ত্রণ না রাখলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আড়াই লাখ মানুষ মারা যেতে পারে। তার ঐ তথ্যের ওপর ভিত্তি করে গত ২৩ মার্চ যুক্তরাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  —সিএনএন