করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কর্মহীন ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে ত্রাণকার্যক্রম আরো জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। ইতিমধ্যে গত ছয় সপ্তাহে রাজধানীসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে ১২ লাখ কর্মহীন ও দুস্থ মানুষকে জরুরি খাদ্য সহযোগিতা দিয়েছে দলের নেতাকর্মীরা। দলের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও জেলা নেতাদের কাছে চিঠি দিয়ে কর্মহীন-অসহায় মানুষকে ত্রাণ প্রদানের নির্দেশনা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এছাড়া দেশের করোনা পরিস্থিতি, চিকিত্সা, কৃষি উত্পাদন পর্যবেক্ষণসহ দলের ত্রাণ তত্পরতা পর্যবেক্ষণ করার জন্য বিএনপি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই সেল গঠন করা হয়েছে। পরে বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি রাজধানীসহ সারাদশে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে জরুরি খাদ্য সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে ১২ লাখ লোকের হাতে ত্রাণ পৌঁছেছে। এছাড়া হাসপাতাল ও চিকিত্সকদের মধ্যে উন্নত প্রটেকশনসামগ্রী বিতরণ করা হচ্ছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের কাজ হবে করোনা পরিস্থিতি, চিকিত্সা, কৃষি উত্পাদন পর্যবেক্ষণ করা। পাশাপাশি সরকারের কোনো তথ্যের গরমিল থাকলে তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। গত রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সেল গঠন ও ত্রাণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পর্যবেক্ষণ সেলের কাজ শুরু হয়েছে। দল সামর্থ্য অনুযায়ী করোনাযোদ্ধা চিকিত্সক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পিপিই, দুস্থদের ত্রাণ ও কৃষিসামগ্রী দিয়ে সহায়তা করবে।
এদিকে জেলা নেতা ও এমপি প্রার্থীদের বিএনপির সিনিয়র যু্গ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে ত্রাণ তত্পরতার বিবরণ জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে নয়াপল্টনের কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের সাধ্য অনুযায়ী ত্রাণ দিচ্ছেন। আমরা ত্রাণ কার্যক্রমকে আরো বিস্তৃত ও জোরদার করার জন্য নেতাদের চিঠি দিয়েছি।
