ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে তিন হাজারের বেশি

আপডেট : ০৭ মে ২০২০, ১৫:৩৩

ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রতিদিনই বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড- ১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩,৫৬১ জন। সব মিলিয়ে মোট করোনা রোগী ৫২,৯০০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে থেকে ১,৭৮৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন। 

এখনও পর্যন্ত ১৫,২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা রোগীদের পুনরুদ্ধারের হার এখন বেড়ে ২৮.৭১ শতাংশ দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়েছে সারা ভারতে। দু'বার বাড়ানোও হয়েছে লকডাউনের মেয়াদ। আপাতত ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে দেশটিতে। কিন্তু তারপরেও রেহাই মিলছে না এই রোগের হাত থেকে।

আরও পড়ুন: করোনায় নতুন আক্রান্ত ৭০৬, সুস্থ আরও ১৩০

মহারাষ্ট্রে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৬,৭৫৮ জন। তারপরেই রয়েছে গুজরাট, এখানে কোভিড- ১৯ রোগে আক্রান্ত হয়েছেন মোট ৬,৬২৫ জন। করোনায় দিল্লিতে আক্রান্ত মোট ৫,৫৩২ জন।


ইত্তেফাক/আরআই