জুজুর ভয়ে চোদ্দদিন

আপডেট : ০৭ মে ২০২০, ২০:১৩

এই সময়ের ছড়া 

দীপ মুখোপাধ্যায়

 

জুজুর ভয়ে সিঁটিয়ে আছি আমরা যখন

কপালের ভাঁজ, বুক ধড়ফড় সঙ্গে নিয়ে

সবার মনে দ্বন্দ্ব-দ্বিধা আতঙ্ক ভয়

ছড়িয়ে পড়ে পাগলা হাওয়ায় কিলবিলিয়ে।

 

সব জুজুরাই ছদ্মবেশী মুখোশধারী

এই জুজুরাই পূর্বকালের প্লেগ-কলেরা

জুজুর কঠিন চোখরাঙানি। চমকে রাখা

বিদেশ থেকে এই স্বদেশে খুঁজছে ডেরা।

 

মৃত্যু যেন জড়িয়ে আছে এ-ভাইরাসে

কখনো জ্বর কিংবা প্রবল সর্দিকাশি

কাছের মানুষ সামনে এলে তফাত রাখি

তার ভেতরেও একটু কাঁদি একটু হাসি।

 

ঘরেই আছি। চোদ্দদিনের বন্দিদশা

ওষুধ-বিশুধ কিচ্ছুটি নেই এই অসুখে

ভিড় ভোলানো নিজের একাকিত্ব খুঁজি

হাত ধুতে হয়, বদলে গেছি মুখোশমুখে।

 

অকালপ্রয়াণ ঘটছিল সংসপর্শে এলে

এই জুজুরা রহস্যময়, জীব না জড়?

বিজ্ঞানীদের অস্ত্রে ওরা ঘায়েল হবেই

অনেক হলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো।