রবীন্দ্র জন্মজয়ন্তীতে অণিমা রায়ের ‘আগুনের পরশমনি’

আপডেট : ০৭ মে ২০২০, ২০:১৬

বিনোদন রিপোর্ট

 

রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে এ সঙ্কটময় সময়ের প্রেক্ষিত বিবেচনা করেই অণিমা রায়ের নতুন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছেন ইমপ্রেস অডিও। দেবজ্যোতি মিশ্রর সংগীতায়োজনে অণিমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসংগীতটির শিরোনাম ‘আগুনের পরশমনি’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘আমার কাছে এই সঙ্কটময় সময়ে এই গানটি একটা বোধের জায়গা তৈরি করে। সেই ভাবনা থেকেই রবীন্দ্রনাথের বিখ্যাত এই গানটিকে বেছে নেওয়া।’ গানটির দৃশ্যায়নে সমসাময়িক হাহাকারকে প্রাধান্য দেওয়া হয়েছে। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন ইয়ামিন ইলান। গানটি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ইমপ্রেস অডিও’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে। এছাড়া অণিমা রায় তার পরিচালিত সুরবিহার অনলাইন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সমবেত রবীন্দ্রসংগীত পরিচালনা করেছেন। ‘হে নুতন’ শিরোনামের এই রবীন্দ্রসংগীতের সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটি সেলিব্রেটি সাউন্ডল্যাবে রেকর্ড করা হয়েছে সম্প্রতি। এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘এটি একটি দারুণ কাজ হয়েছে বলে আমি মনে করি। আমার অনলাইন মিউজিক স্কুলের সকল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এই গানটি তৈরি করা। এখানে বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইংল্যান্ডসহ মোট ৬টি দেশের মোট প্রায় অর্ধশত ছাত্রছাত্রী অংশ নিয়েছে। ‘হে নুতন’ গানটি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সুরবিহার মিউজিক ও আর্ট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।