বিশেষ দিনে বলিউডে তাপসের দ্বিতীয় চমক

আপডেট : ০৭ মে ২০২০, ২০:১৬

বিনোদন রিপোর্ট

 

‘নিত দিন জিয়া মারা’ শিরোনামে হিন্দি ভাষার একটি গান প্রকাশ করলেন কৌশিক হোসেন তাপস। বিশেষ মানুষকে কেন্দ্র করে তাপসের এই বিশেষ আয়োজন। ৫ মে জন্মদিন ছিল কৌশিক হোসেন তাপসের জীবনসঙ্গী ফারজানা মুন্নীর। তিনি গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ও ফ্যাশন বিশেষজ্ঞ।

জন্মদিনের এ উত্সবে ‘নিত দিন জিয়া মারা’ গানটির অডিও প্রকাশ পেয়েছে স্পটিফাই, আই টিউনস, গানা ডটকম, জিও সাওয়ান ছাড়াও বেশ কটি আন্তর্জাতিক স্ট্রিমিং প্লাটফর্মে। কুমারের প্রেমময় কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বলিউডের জনপ্রিয় সংগীত জুটি মিট ব্রস। আর গানটিকে স্ত্রী ফারজানা মুন্নীর জন্মদিনের বিশেষ উপহার হিসেবে ঘোষণা করেছেন সংগীতশিল্পী তাপস। বলিউডের অন্যতম নায়িকা নার্গিস ফাখরিকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ হয়েছে তুরস্কের বিভিন্ন লোকেশনে। তবে চলমান করোনা ভাইরাসের দুর্যোগ মাথায় রেখে এখনই ভিডিওটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা সংশ্লিষ্টরা। কৌশিক হোসেন তাপস বলেন, ‘৫ মে আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন। গত ১ বছর ধরেই মিট ব্রসকে আমার ইচ্ছার কথা বলে আসছিলাম এই দিনে গানটির অডিও-ভিডিও প্রকাশের জন্য। কিন্তু চলমান বৈশ্বিক পরিস্থিতির কথা ভেবে আমরা পুরনো সিদ্ধান্ত থেকে ফিরে এসেছি। অনেকটা নিঃশব্দে প্রকাশ করেছি গানটির অডিও।’ তাপস জানান, গানটির সংগীত পরিচালক মিট ব্রস জুগলের ইচ্ছা আসছে ঈদ উত্সবে ভিডিওটি প্রকাশের। এদিকে এমন দিনে জন্মদিনের উপহার হিসেবে গানটির অডিও শুনতে পেরে বেশ উচ্ছ্বসিত ফারজানা মুন্নী। তার ভাষ্যে, ‘আমার জন্মদিন মানেই তাপসের সারপ্রাইজ! এবারের উপহারটিও আমার জন্য সবচেয়ে বিশেষ। আমি মুগ্ধ।’

উল্লেখ্য, এর আগে সানি লিওন ও ডেনিয়েল ওয়েবারের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় হিন্দি ভাষায় তাপসের প্রথম গান ‘লাভলি অ্যাকসিডেন্ট’।