চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
স্পোর্টস ডেস্ক
চলতি বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এ মাসেই হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে উয়েফা। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়ে তুর্কি ফুটবল ফেডারেশন জানিয়েছে ফাইনাল আয়োজনে প্রস্তুত তারা।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে তুর্কি ফুটবল ফেডারেশন প্রধান নিহাত ওজদেমির এ কথা জানান। করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই তিন মাসের স্থগিতাদেশ চলছে দেশটির ফুটবলে। সেটি কাটিয়ে ১২ জুন মাঠে খেলা গড়ানোর ঘোষণাও দেন তিনি।
নিহাত বলেন, ‘স ষ্টার ইচ্ছায় জুলাইয়ের শেষে আমরা লিগগুলো শেষ করতে চাই। মাঠেই শিরোপাগুলো দিতে চাই আমরা। এরপর আগস্টে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করে মৌসুমটা শেষ করতে চাই।’
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময়সূচি আর স্বাস্থ্য সুরক্ষা নীতি উয়েফার সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হবে বলে জানান তিনি।
এদিকে গত সপ্তাহ থেকে তুরস্কের শীর্ষ ফুটবল ক্লাবগুলো ফেডারেশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী সীমিত আকারে অনুশীলন শুরু করেছে। এই ক্লাবগুলো হলো ফেনেরবাখ, বেসিকটাস ও বর্তমান চ্যাম্পিয়ন গালাতাসারায়। এর অবশ্য ছোটো ছোটো গ্রুপে অনুশীলন করে।
এছাড়াও প্রাণঘাতী ভাইরাসটির কারণে লিগ বন্ধ হওয়ার সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ক্লাব ট্রাবনেজানস্পোরও মাঠে ফিরেছে এ সপ্তাহে। লিগ চালু হওয়ার ঘোষণায় এই ক্লাবগুলোর শেয়ারের দামও বেড়ে গেছে।
